
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে মিথ্য ঘোষনায় রাজস্ব ফাঁকি, দুর্নীতি, চোরাচালানে সহযোগিতা, মিস ডিক্লারেশনের জন্য এক শ্রেণারি সিএন্ডএফ এজেন্টদের নিয়ে সিন্ডিকেট গঠন ও ক্ষমতার অপব্যবহারের অসংখ্য গুরুতর অভিযোগ চাউর হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এসব অভিযোগের মধ্যে অতীতের বিভাগীয় মামলার তথ্য, গোয়েন্দা প্রতিবেদনের এবং সম্প্রতি পাঁচার হওয়া একটি শিপমেন্টে বিপুলসংখ্যক আইফোন থাকার অভিযোগও রয়েছে। বর্তমানে তিনি ঢাকা কাস্টমস হাউজের কমিশনারের প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সে সুবাদে দাপিয়ে বেড়াচ্ছেন গোটা বিমানবন্দর এলাকা।
সূত্রমতে, গত ১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টায় একটি প্রতিষ্ঠিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের শিপমেন্ট ছাড়ের ঘটনায় ঘোষণার কয়েকটি কাঠের ক্যারেটের ভেতরে প্রায় ১ হাজার ৫০০ পিস আইফোন থাকার অভিযোগ উঠেছে। যা শুল্ক ফাঁকির একটি জলজ্যান্ত দৃস্টান্ত। এ ঘটনায় সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে। শিপমেন্ট ছাড়ের প্রক্রিয়ায় ফারুক আবদুল্লাহর ভূমিকা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও জানা যায়, শিপমেন্ট ডেলিভারির পর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে কয়েক দিন অফিসে অনুপস্থিত ছিলেন। অভিযোগকারীদের সন্দেহ, এটি ছিল পরিস্থিতি এড়িয়ে যাওয়ার একটি কৌশল। তবে তাঁর অসুস্থতা, অনুপস্থিতি এবং শিপমেন্ট ছাড়ের ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নথিপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্যের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
ঢাকা কাস্টমস প্রশাসনের মুখে কুলুপ:
অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট শিপমেন্টের বিল অব এন্ট্রি, আমদানি ঘোষণা, ইনভয়েস, প্যাকিং লিস্ট ও পরীক্ষণ প্রতিবেদন, শুল্কায়ন এবং ডেলিভারি রেকর্ড সমুহের নিবিড় পর্যালোচনা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও পরীক্ষা করা হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন সম্ভব হতে পারে।
শুধু সাম্প্রতিক শিপমেন্ট নয়, ফারুক আবদুল্লাহর অতীতের দায়িত্ব পালন নিয়েও রয়েছে নানা অভিযোগ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এর আগে এয়ারফ্রেইট ইউনিটের (এসটি) দায়িত্বে থাকাকালে দুর্নীতিসংক্রান্ত অভিযোগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মৌখিক প্রতিবেদনের প্রেক্ষিতে তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে বিমানবন্দরে পদায়ন করা হয়েছিল।
বিমানবন্দরে চোরাচালানে সহযোগিতার অভিযোগ
বিমানবন্দরে দায়িত্ব পালনকালে ফারুক আবদুল্রাহর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন চোরাকারবারির সঙ্গে যোগাযোগ ও কথিত সমঝোতার মাধ্যমে সোনা, মোবাইল ফোন, গৌরী ক্রিম এবং আমদানি নিষিদ্ধ পাখিসহ বিভিন্ন পণ্য গ্রিণ চ্যানেল দিয়ে পারাপারে সহযোগিতা করতেন তিনি। এমনকি এসব পণ্য পারাপারে প্রটোকল সুবিধা ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন যুগ্ম কমিশনার (জেসি) ফেরদৌসী মাহবুব তাঁকে মাইক-১৪ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আয়বহির্ভূত সহায়-সম্পদ অর্জনের অভিযোগে বিভাগীয় মামলা
ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অর্থ উপার্জনের অভিযোগে বিভাগীয় মামলা থাকার তথ্যও সামনে এসেছে। এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) একটি সরকারি পত্রের উল্লেখ পাওয়া গেছে। পত্র নম্বর: ০৮.০০.০০০০.০০০.০৪৫.২৭.০০০১.২৫.২১ তারিখ: ৮ জুলাই ২০২৬। দাবি করা হচ্ছে, ওই পত্রের ক্রমিক নম্বর ৪-এ ফারুক আবদুল্লাহর নাম রয়েছে। অভিযোগ রয়েছে, ফারুক আবদুল্লাহ নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। ইতোমধ্যে দেশের বাইরে প্রায় শতকোটি টাকা পাচার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। ঢাকায় রয়েছে তাঁর একাধিক ফ্ল্যাট ও প্লট। যা নিজ নামে না করে কৌশলে অন্যদের নামে করেছেন।
সিন্ডিকেট পরিচালনা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন : ফারুক আবদুল্লাহ কর্মস্থল পরিবর্তনের পরপরই বিভিন্ন পর্যায়ের কিছু কর্মকর্তাকে নিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন। সংশ্লিষ্ট দপ্তরে নিজের প্রভাব ও আধিপত্য বিস্তারের পাশাপাশি ওই সিন্ডিকেটের মাধ্যমে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেন বলেও অভিযোগকারীদের দাবি। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। তৎকালীন সাধারণ সম্পাদক রাজিব আহমেদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথাও ছড়িয়ে পড়ছে।
বর্তমানে আ’লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিশেষ করে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর আ’লীগের নেতাকর্মীদের সংগঠিত করতে তিনি গোপণে আর্থিক সহযোগিতা করছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
কমিশনারের জবাব মেলেনি
এতগুলো গুরুতর অভিযোগের বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুঃ রইচ উদ্দিন খানের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তী সময়ে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরে লিখিত বার্তা পাঠানো হলেও এই প্রতিবেদন লাইভে আসা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।
তদন্তের দাবি
গংশিশ্লষ্ট মহলের প্রশ্ন, একজন কর্মকর্তার বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ ও বিভাগীয় মামলার তথ্য থাকার পরও তিনি কীভাবে গুরুত্বপূর্ণ প্রটোকল দায়িত্বে রয়েছেন? তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কোনো দাপ্তরিক অনুসন্ধান হয়েছে কি না, হয়ে থাকলে তার ফলাফল কী?
রাজস্ব সুরক্ষা ও কাস্টমস প্রশাসনের স্বচ্ছতার স্বার্থে ১ অক্টোবরের শিপমেন্টের নথি, সিসিটিভি রেকর্ড, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন এবং ডেলিভারি অনুমোদনের প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি আইআরডির কথিত বিভাগীয় মামলার নথি ও অতীতের দায়িত্ব পরিবর্তনের আদেশ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। (ক্রমশঃ)